প্রিন্ট এর তারিখঃ Jul 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2026 ইং
খাগড়াছড়িতে শিশুকে বলাৎকার: থানায় মামলা গ্রেফতার ১

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৫ জুলাই) ভিকটিমের বাবা বাদী হয়ে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাত আনুমানিক ৮.৩০ ঘটিকার সময় উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় এই ঘটনা ঘটে। ভিকটিম তার কাকার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে অভিযুক্ত মোঃ লিটন (৪৫) তাকে ভুল বুঝিয়ে রাস্তার পাশের একটি খালি জায়গায় নিয়ে যায় এবং জোরপূর্বক যৌন সঙ্গম (বলাৎকার) করে।
বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত মোঃ লিটন (৪৫) দীঘিনালা উপজেলা মেরুং ইউনিয়ন ছোট মেরুং এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নং-০২) রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট